ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ফখরুল ইসলাম (৪০) অভিযোগ করেছেন যে, তার ভগ্নিপতি আব্দুল মতিন (৬০) তার পুকুর থেকে মাছ লুট, হামলা-মামলা চালানো এবং হত্যা-গুম করার হুমকি দিয়েছেন।
রবিবার (১১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম বলেন, ‘আমার ভগ্নিপতি আব্দুল মতিন একজন কুখ্যাত সন্ত্রাসী ও খুনী। সে প্রভাব খাটিয়ে আমার ওয়ারিশী সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। গত শনিবার (১০ জানুয়ারি) সকাল ৭টা ১৭ মিনিটে তার ফোন থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সে বলেছে, দুই দিনের মধ্যে যদি আমাকে খুঁজে পায়, প্রাণ নেবে এবং লাশ গুম করবে। আমার ফোনে হুমকির রেকর্ড আছে। আমি এ বিষয়ে সোনাগাজী মডেল থানায় অভিযোগ করেছি।’
ফখরুল ইসলাম আরও জানান, প্রবাস থেকে দেশে ফেরার পর তার টাকা প্রেরণের মাধ্যমে বড় ভাই ও বোনের নামে সম্পত্তি নির্মাণ করেছেন। কিন্তু তার ভাই আ. আউয়াল ও ভগ্নিপতি আব্দুল মতিনের প্ররোচনায় তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।
এ ব্যাপারে তিনি প্রশাসনসহ সকলের সহযোগিতা চেয়েছেন।