বাস দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, বাস মালিক গ্রেপ্তার

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার ঘটনায় বাসটির মালিক ইউসুফ মাঝিকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ মাঝি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যায়। এতে পাশে থাকা একটি মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত রিকশাও দুর্ঘটনার কবলে পড়ে।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে, বাসের এক শিশু যাত্রী ও এক নারীসহ চারজন নিহত হন। আহত হন অন্তত ২৬ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, গ্রেপ্তার ইউসুফ মাঝিকে রবিবার (১১ জানুয়ারি) কুমিল্লা আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, এ ঘটনায় দাউদকান্দি হাইওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত