পিরোজপুর-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. আনিসুর রহমান মুন্নার মনোনয়নপত্র গ্রহণের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত আবেদন করেও কোনো প্রতিকার না পাওয়ায় ৯ দিন পর হাইকোর্টে রিট আবেদন করেন আনিসুর রহমান মুন্না। আবেদনে তিনি উল্লেখ করেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর বিকেল ৫টার আগেই তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।
মুন্নার অভিযোগ, সহকারী রিটার্নিং কর্মকর্তার কক্ষের বাইরে তাকে অপেক্ষা করতে নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকলেও হঠাৎ করে অফিসের গেট বন্ধ করে দেওয়া হয়। পরে ফোন করলে সহকারী কর্মকর্তা জানান, মাত্র এক মিনিট বিলম্ব হওয়ায় তার মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব নয়।
হাইকোর্ট শুনানি শেষে বিষয়টি বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র গ্রহণে বাধা দেওয়া অবৈধ বলে মত দেন এবং দ্রুত মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।
এই আদেশের ফলে পিরোজপুর-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে আনিসুর রহমান মুন্নার নির্বাচনে অংশগ্রহণের পথ সুগম হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
