সেঞ্চুরি পাননি, তবে ম্যাচ জিতিয়েছেন বিরাট কোহলি

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম

সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিন অঙ্ক ছুঁতে পারেননি বিরাট কোহলি। কিন্তু দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার পথে তাঁর ব্যাটই ছিল ভারতের সবচেয়ে বড় ভরসা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কোহলির ৯৩ রানের ইনিংসেই শেষ পর্যন্ত চার উইকেটে জয় তুলে নেয় ভারত।

ভদোদরায় ডে–নাইট ম্যাচে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৮ উইকেটে তোলে ৩০০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় ভারত। ইনিংসের ভিত্তি গড়ে দেন শুভমান গিল ও বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে তাঁদের ১১৮ রানের জুটিতে ম্যাচ অনেকটাই ভারতের দিকে হেলে পড়ে।

গিল ৫৬ রান করে ফিরলেও কোহলি এক প্রান্ত আগলে রেখে এগিয়ে নেন দলকে। সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন সাবলীলভাবেই। তবে কাইল জেমিসনের এক ওভারে হঠাৎ নাটকীয় মোড় নেয় ম্যাচ। কোহলির বিদায়ের পরপরই ফিরেন রবীন্দ্র জাদেজা ও শ্রেয়াস আইয়ার। মুহূর্তেই চাপ বাড়ে ভারতের ওপর।

এক সময় সহজ জয়ের পথে থাকা ভারত তখন পড়ে যায় অস্বস্তিতে। ৫ উইকেট হাতে রেখে তখনো প্রয়োজন ছিল ৫৯ রান। এই সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হর্ষিত রানা ও চোট নিয়েই নামা ওয়াশিংটন সুন্দর। রানা ২৩ বলে ২৯ রানের কার্যকর ইনিংস খেলেন।

শেষ পর্যন্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন কেএল রাহুল। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে শেষ দিকে প্রয়োজনীয় রান তুলে নেন তিনি। শেষ ওভারে টানা বাউন্ডারি ও ছক্কায় জয় নিশ্চিত করে ভারত, হাতে থাকে ছয় বল।

এর আগে নিউজিল্যান্ডের হয়ে ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২ ও ডেভন কনওয়ে ৫৬ রান করেন। ভারতের বোলারদের মধ্যে সিরাজ, প্রসিধ কৃষ্ণ ও হর্ষিত রানা নেন দুটি করে উইকেট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত