এফএ কাপ থেকেও বিদায়ে ম্যানইউকে দুয়ো দিচ্ছে নিজ সমর্থকরাই

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১০:১৯ এএম

ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় যেন কাটছেই না। ঐতিহ্যবাহী ক্লাবটি এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ব্রাইটনের কাছে ২-১ ব্যবধানে হেরে। কোচহীন অবস্থায় ওল্ড ট্র্যাফোর্ডে এই হার ইউনাইটেডকে কার্যত আরেকটি শিরোপাশূন্য মৌসুমের দিকেই ঠেলে দিল।

‎রুবেন আমোরিমকে বরখাস্ত করার পর অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পাওয়া ড্যারেন ফ্লেচারের অধীনে এটি ছিল ইউনাইটেডের দ্বিতীয় ম্যাচ। কিন্তু ফলাফল এল হতাশাজনক। ম্যাচ শেষে ক্ষুব্ধ সমর্থকদের দুয়োধ্বনিতে আরও স্পষ্ট হয়ে ওঠে ক্লাবটির বর্তমান সংকট।

‎ওয়েলব্যাকের আঘাতে স্বপ্নভঙ্গ

‎রবিবারেরে ম্যাচে শুরুতেই এগিয়ে যায় ব্রাইটন। ১২ মিনিটে ব্রাজান গ্রুডার গোলে লিড নেয় সফরকারীরা। বিরতির পর সাবেক ইউনাইটেড ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক ৬৪ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি গড়ে দেয়।

‎৮৫ মিনিটে বেঞ্জামিন সেস্কোর হেডে একটি গোল শোধ করে ইউনাইটেড, তবে তা ছিল কেবলই সান্ত্বনার। শেষ দিকে বদলি খেলোয়াড় শিয়া লেসি লাল কার্ড দেখলে ম্যাচে ফেরার সম্ভাবনাও শেষ হয়ে যায় স্বাগতিকদের।

মৌসুম নিয়ে উদ্বেগ, তবে হাল ছাড়তে নারাজ ফ্লেচার

‎ম্যাচ শেষে ড্যারেন ফ্লেচার স্বীকার করেন, ক্লাবটি ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছে না। তবে এখনই মৌসুম শেষ বলে ধরে নিতে নারাজ তিনি। চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার সম্ভাবনাকেই এখন মূল লক্ষ্য হিসেবে দেখছেন অন্তর্বর্তী এই কোচ।

‎ফ্লেচারের ভাষায়,“ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে দায়িত্ব নেওয়া মানেই বিশাল চ্যালেঞ্জ। এটা শুধু কোচ বা পরিচালকদের বিষয় নয়—খেলোয়াড়দেরই একসঙ্গে দাঁড়িয়ে দায়িত্ব নিতে হবে।”

দ্রুত বিদায়, কমছে ম্যাচসংখ্যা

‎এই মৌসুমে ঘরোয়া দুই নকআউট প্রতিযোগিতা থেকেই দ্রুত বিদায় নিয়েছে ইউনাইটেড। এর আগে লিগ কাপে চতুর্থ স্তরের গ্রিমসবি টাউনের কাছে লজ্জাজনক হারের পর এবার এফএ কাপ থেকেও ছিটকে গেল দলটি। ফলে প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব হিসেবে ন্যূনতম সংখ্যক—৪০টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেই মৌসুম শেষ করতে হবে ইউনাইটেডকে।

‎বর্তমানে প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে রয়েছে তারা। শীর্ষে থাকা আর্সেনালের থেকে পয়েন্ট ব্যবধান ১৭। এমন অবস্থায় লিগ জেতা কার্যত অলৌকিক কিছুরই সমান।

অন্তর্বর্তী কোচের দৌড়ে কারা?

‎ইউনাইটেডের বোর্ড এখন অন্তর্বর্তী কোচ নিয়োগের পথে হাঁটছে। এই দায়িত্ব নিতে সাবেক দুই খেলোয়াড় ওলে গানার সুলশার ও মাইকেল ক্যারিকের সঙ্গে কথা বলেছে ক্লাব। পাশাপাশি আলোচনায় আছেন রুড ফন নিস্টেলরয় ও বর্তমান অন্তর্বর্তী কোচ ড্যারেন ফ্লেচার নিজেও।

আর্সেনালের দাপট, মার্টিনেল্লির হ্যাটট্রিক

‎এফএ কাপে একই দিনে সুখবর পেয়েছে আর্সেনাল। পোর্টসমাউথের মাঠে ৪-১ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে মিকেল আর্তেতার দল। ম্যাচে হ্যাটট্রিক করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। শুরুতে পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে দাপটের জয় পায় প্রিমিয়ার লিগের শীর্ষ দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত