যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি মেলা সিইএস-২০২৬। এ আয়োজনে আলোচনা এসেছে স্যামসাংয়ের প্রতীক্ষিত ট্রাই-ফোল্ড স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড। মেলায় প্রথমবারের মতো গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড উন্মোচন করেছে মোবাইল কোম্পানিটি।
ফোনটিতে রয়েছে ১০ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এ বাড়তি বড় স্ক্রিনটি অনেকের জন্যই কাজের হতে পারে। স্মার্টফোনটিতে একটি কিবোর্ড আর মাউস যোগ করলে তা অনায়াসেই ল্যাপটপ বা ট্যাবলেটের বিকল্প হয়ে উঠতে পারে। খবর এনগ্যাজেট
প্রতিবেদনে বলা হয়, গেল বছর কোম্পানিটির ‘জেড ফোল্ড ৭’-এর আদলে তৈরি নতুন ট্রাইফোল্ড ফোনটির ডিজাইন উন্নত করেছে স্যামসাং, যেখানে ফোনটি ‘গ্যালাক্সি এস২৫ আল্ট্রা’র মতো সাধারণ স্মার্টফোনের তুলনায় মোটেও ভারি বা বড় নয়।
২০১৯ সালের সেই আদি গ্যালাক্সি ফোল্ড কতটা মোটা আর ভারি ছিল। তা বিবেচনা করলে নতুন ফোনটি স্যামসাংয়ের জন্য বড় এক সাফল্য। নতুন ট্রাইফোল্ড ফোনের ওজন ৩০৯ গ্রাম ও পুরুত্ব ১২ দশমিক ৯ মিলিমিটার। ফোনটি আপাতত দক্ষিণ কোরিয়ার বাজারেই পাওয়া যাচ্ছে। এর দাম প্রায় আড়াই হাজার ডলার।
বিশ্লেষকদের মতে, এটি ভবিষ্যতের ফোল্ডেবল ডিভাইসের আদর্শ ফর্ম ফ্যাক্টরের সবচেয়ে কাছাকাছি উদাহরণ। একই সঙ্গে এটি অ্যাপলের জন্যও এক ধরনের বার্তা, কারণ এখনও বহুল আলোচিত আইফোন ফোল্ড বাজারে আনতে পারেনি প্রতিষ্ঠানটি।