কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ হানিফ নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় নিজ মালিকানাধীন চিংড়ি ঘের দেখার সময় বিস্ফোরণ ঘটে।
স্থানীয়রা আহত হানিফকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেছেন। আহত যুবকের পিতা ফজল করিম।
এর আগে রবিবার (১১ জানুয়ারি) একই এলাকায় ৯ বছর বয়সী হুজাইফা সুলতানা নামে এক শিশু গুলিবিদ্ধ হন। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয়রা সোমবার হোয়াইক্যং লম্বাবিল তেচ্ছিব্রীজ এলাকায় মানববন্ধন আয়োজন করেন। তারা সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।
টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ আলী চৌধুরী বলেন, ‘সীমান্তে নিয়মিত মাইন ও গুলিতে স্থানীয়রা আহত হচ্ছে। জেলে ও মৎসচাষিরা নিরাপদে ঘের ও নাফ নদীতে যেতে পারছে না। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি।’
