ধীরে ব্যাট করায় রিজওয়ানকে 'রিটায়ার্ড আউট' করানো হলো

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম

বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের বিপক্ষে হারের ম্যাচে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ম্যাচের শেষদিকে মেলবোর্ন রেনেগেডসের সিদ্ধান্তে ‘রিটায়ার্ড আউট’ হন তিনি, যা চলতি আসরে দ্বিতীয়বারের মতো কোনো ব্যাটারের ক্ষেত্রে দেখা গেল।

রেনেগেডসের অধিনায়ক উইল সাদারল্যান্ড ১৮তম ওভারের শেষে রিজওয়ানকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। ২৩ বল খেলে ২৬ রান করা রিজওয়ান ইনিংসে দুটি চার ও একটি ছক্কা মারলেও শেষ সাত বলে নিতে পেরেছিলেন মাত্র চারটি সিঙ্গেল। অস্ট্রেলিয়ায় চলতি সফরে আট ইনিংস খেলেও এখনো ফিফটির দেখা পাননি পাকিস্তানি এই ব্যাটার।

এর আগে চলতি বিগ ব্যাশে সিডনি থান্ডারের নিক ম্যাডিসনও ‘রিটায়ার্ড আউট’ হয়েছিলেন। রিজওয়ানকে তুলে নেওয়ার পরও রেনেগেডস নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৭০ রান তোলে। দলে সর্বোচ্চ ৪৬ রান করেন হাসান খান। এ ছাড়া জশ ব্রাউন ৩৫ ও টিম সেইফার্ট করেন ২৯ রান।

১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিডনি থান্ডার ১১ ওভারে ৩ উইকেটে ৮০ রান তুলতেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন পদ্ধতিতে তাদের নতুন লক্ষ্য নির্ধারিত হয় ১৬ ওভারে ১৪০ রান, অর্থাৎ শেষ ৩০ বলে প্রয়োজন ছিল ৬০ রান।

খেলা পুনরায় শুরু হলে প্রথম দুই বলেই আউট হন স্যাম বিলিংস ও ড্যানিয়েল স্যামস। তবে বৃষ্টির আগে ৮ বলে মাত্র ৫ রান করা নিক ম্যাডিসন বিরতির পর প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। নতুন ব্যাটার ক্রিস গ্রিনও ঝড় তোলেন—গুরিন্দর সান্ধুর এক ওভারে টানা তিনটি ছক্কাসহ ১৩ বলে অপরাজিত ৩৪ রান করেন তিনি। ম্যাডিসন ১৭ বলে অপরাজিত ৩০ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

বৃষ্টির পর মাত্র ২৬ বলেই আসে ৬০ রান। চার বল হাতে রেখেই চার উইকেটের জয় নিশ্চিত করে সিডনি থান্ডার। যদিও তারা আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে, এই জয় রেনেগেডসের সম্ভাবনাকে বড় ধাক্কা দিল। দুই ম্যাচ বাকি থাকতে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে মেলবোর্ন রেনেগেডস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত