বাঁশখালীতে ট্রাক জব্দ: ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে একটি বালুবোঝাই মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বাঁশখালী উপজেলার পূর্ব পুঁইছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব পুঁইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের স্লুইস গেট সংলগ্ন কুইন্যা ভিটার ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি মিনি ড্যাম্পার ট্রাকে করে বহদ্দারহাট এলাকায় নেওয়ার সময় ট্রাকটি জব্দ করা হয়।

এ সময় অভিযুক্ত নুরুল আলমকে (২৭) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১১ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন না করার মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন বলেন, কেউ অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি অবৈধ কর্মকাণ্ড রোধে উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত