ইরানে গণহারে হত্যার অভিযোগ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চায় হিউম্যান রাইটস ওয়াচ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ এএম

ইরানে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর ‘গণহারে হত্যা’র ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। উদ্ভূত পরিস্থিতিকে ‘জরুরি অবস্থা’ হিসেবে বর্ণনা করে সংস্থাটি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) এইচআরডব্লিউ-এর নির্বাহী পরিচালক ফিলিপ বোলোপিয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে এই আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, ইরানি কর্তৃপক্ষ দেশটিতে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট (ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন) করে রেখেছে। এর মূল উদ্দেশ্য হলো নিরাপত্তা বাহিনীর মাধ্যমে বিক্ষোভকারীদের ওপর চালানো ভয়াবহ হত্যাকাণ্ডের তথ্য গোপন করা।

ফিলিপ বোলোপিয়ন বলেন, ‌‌‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, গত সপ্তাহে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ‘আল্লাহর শত্রু’ হওয়ার অভিযোগ এনেছে। ইরানে এই অপরাধের শাস্তি হিসেবে সাধারণত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আটককৃতদের জীবন নিয়ে আমরা চরম শঙ্কিত।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি ইরানে বর্তমানে একটি জরুরি অবস্থা বিরাজ করছে। আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মানবাধিকার কাউন্সিলকে দ্রুত এই পরিস্থিতি নিয়ে আলোচনার আহ্বান জানাচ্ছি। ইরানের নেতৃত্বকে এই বার্তা দেওয়া জরুরি যে, তাদের এই কর্মকাণ্ডের জন্য ভবিষ্যতে জবাবদিহি করতে হবে।’

উল্লেখ্য, ইরানে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়ন এবং নিহতের ঘটনা নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, প্রকৃত চিত্র আড়াল করতেই সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

×
সর্বশেষ সর্বাধিক পঠিত