ভোলা

ভুল রক্ত পুস করায় প্রসূতির ‘মৃত্যু’, ক্লিনিকে হামলা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:১৯ এএম

ভোলায় অস্ত্রপাচারের পর ভুল রক্ত পুস করায় লামিয়া নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ  উঠেছে বন্ধন হেলথ কেয়ার নামের একটি ক্লিনিকের বিরুদ্ধে।  এ ঘটনায় উত্তেজিত রোগীর স্বজন ও স্থানীয়রা ক্লিনিকে হামলার পাশাপাশি কর্তৃপক্ষের বিচারের দাবিতে বিক্ষোভ করে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার এলাকায় বন্ধন হেলথ কেয়ারে এ ঘটনা ঘটে।

মৃত লামিয়া (১৯) ভোলা পৌরসভার আবহাওয়া অফিস সড়ক এলাকার মো. শরিফের স্ত্রী। এ

লামিয়ার স্বজনরা জানান, গত ৭ জানুয়ারি প্রসূতি লামিয়াকে ভোলা শহরের বন্ধন হেলথ কেয়ারে ভর্তি করা হয়। ৮ জানুয়ারি দুপুরে প্রথমে নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়, পরে অস্ত্রপাচারের মাধ্যমে ছেলে সন্তান জন্ম দেন তিনি। পরে ক্লিনিক থেকে ওই প্রসূতিকে রক্ত দেওয়ার কথা বলা হয় এবং তাদের কাছে এক ব্যাগ বি পজেটিভ রক্ত আছে বলে ১২০০ টাকাও নেওয়া হয়। পরে এক ব্যাগ রক্ত পুস করা হয় তাকে এবং আরও এক ব্যাগ ও পজেটিভ রক্ত ম্যানেজ করতে বলেন। রক্ত পুস করার পর থেকেই প্রসূতির শরীরে অস্থিরতা শুরু হলে তাকে দ্রুত বরিশাল পাঠানো হয়। বরিশাল নেওয়ার পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর তিনি মারা যান। বরিশালের চিকিৎসকরা জানিয়েছেন রোগীকে ভুল রক্ত পুস করা হয়েছে। ডেথ সার্টিফিকেটেও ভুল রক্ত পুস করায় মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন সেখানকার চিকিৎসক। তারা এ ঘটনায় ক্লিনিক মালিক ও স্টাফদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভোলার বন্ধন ক্লিনিকে উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ক্লিনিকের সামনে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।     

×
সর্বশেষ সর্বাধিক পঠিত