'আমরা আমেরিকান হতে চাই না'

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের নতুন প্রচেষ্টার বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা। তাদের স্পষ্ট বক্তব্য-গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারিত হবে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে, যুক্তরাষ্ট্র বা ডেনমার্কের শাসনের অধীনে নয়।

ট্রাম্পের মন্তব্য ঘিরে নুক ও কোপেনহেগেনে আন্তর্জাতিক মনোযোগ বেড়েছে এবং এতে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ডেনিশ পার্লামেন্টে জরুরি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। ইনুইট আতাকাতিজিত দলের গ্রিনল্যান্ডিক সংসদ সদস্য আজা কেমনিটজ বলেন, 'গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।' তিনি জোর দিয়ে বলেন, গ্রিনল্যান্ডের পরিচয়, ভাষা ও সংস্কৃতি কোনোভাবেই কেনাবেচার বিষয় নয় এবং অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী মার্কিন নাগরিক হতে চান না।

নালেরাক দলের আরেক সংসদ সদস্য আকী-মাটিলদা হ্যুগ-ডাম জানান, প্রায় ৫৬ হাজার মানুষের এই দ্বীপে উদ্বেগ বাড়ছে। শত শত বছর ধরে বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে সীমিত যোগাযোগ থাকার পর হঠাৎ করে আন্তর্জাতিক ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসায় অনেক গ্রিনল্যান্ডবাসী নিজেদের 'কোণঠাসা' অনুভব করছেন।

দুই নেতাই স্পষ্ট করেছেন, গ্রিনল্যান্ডবাসীরা যুক্তরাষ্ট্রের অধিগ্রহণ যেমন চান না, তেমনি ডেনমার্কের প্রভাব থেকেও মুক্তি চান। হ্যুগ-ডাম বলেন, 'আমরা আমেরিকান হতে চাই না, ড্যানিশও হতে চাই না। আমরা গ্রিনল্যান্ডবাসী হিসেবেই থাকতে চাই।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত