হাড়কাঁপানো শীতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অল্প আয়ের শিল্পীদের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে ব্যক্তিগত উদ্যোগে তিনি সহকর্মীদের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়িারি) বিকেলে শিল্পী সমিতির আঙিনায় আয়োজিত এই কর্মসূচিতে দুই শতাধিক শিল্পীকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সাধারণ সম্পাদক আরমান, কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য চুন্নু, পলি, সনি রহমানসহ অনেকে। এ সময় মুক্তি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির বাস্তবতা এখন সবারই জানা। কাজ কমে যাওয়ায় অনেক সহকর্মী বিশেষ করে নিম্ন আয়ের শিল্পীরা কষ্টে আছেন। এই শীতে তাদের কষ্ট আরও বেড়েছে। তাই ব্যক্তিগতভাবে কিছু করার চেষ্টা করেছি। আমরা যেমন দুই ঈদে উপহার দেই, এটাও তেমনই সহকর্মীদের জন্য শীতের উপহার।’
শীতবস্ত্র বিতরণী কার্যক্রমে ভিন্নধর্মী একটি উদ্যোগের কথাও জানান এই অভিনেত্রী। মুক্তির কথায়, ‘নিম্ন আয়ের সহকর্মীদের জন্য আমি আরও একটি বড় উদ্যোগ নিয়ে কাজ করছি। এখনই বিস্তারিত বলতে চাই না। সব প্রস্তুতি শেষ হলে আনুষ্ঠানিকভাবে জানাব। এটি তাদের দীর্ঘদিনের একটি দাবি।’
ইন্দিরা গান্ধীকে অপমান
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৪ লাখ