মুন্সীগঞ্জে অনিয়মের অভিযোগে রেস্টুরেন্ট সিলগালা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম

মুন্সীগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি অভিজাত রেস্টুরেন্ট সিলগালা করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার।

অভিযানকালে হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ‘দ্য বার্নট বাইট রেস্টুরেন্ট’ নামে একটি অভিজাত রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় বৈধ কাগজপত্রের অভাবসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত রেস্টুরেন্টটি সিলগালা করে দেয়।

উপজেলা প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় অনুমোদন ও নথিপত্র না থাকাসহ নানা অনিয়মের কারণে রেস্টুরেন্টটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত