লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডকে তাদেরই মাঠে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। জমাট ও উত্তেজনাপূর্ণ ম্যাচে দ্বিতীয়ার্ধে নিজেদের সেরাটা দেখায় পেপ গার্দিওলার দল। আবারও আলো কেড়ে নেন ক্লাবের নবীন সদস্য অঁতোয়ান সেমেনিও এবং বদলি নেমে শেষ মুহূর্তে গোল করা রায়ান শেরকি।
সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। স্বাগতিক নিউক্যাসল একের পর এক আক্রমণ করে যায়। সিটির গোলরক্ষক জেমস ট্রাফোর্ডকে বেশ ভালো পরীক্ষাই দিতে হয়েছে। একটি হেডার তিনি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন। স্বাগতিকদের আরেকটি প্রচেষ্টা গিয়ে লাগে ক্রসবারে। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
বিরতির পর ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় ম্যানচেস্টার সিটি। ৫৩ মিনিটে ব্রেকথ্রু এনে দেন শীতকালীন নতুন সাইনিং অঁতোয়ান সেমেনিও। বক্সের ভেতরে সুযোগ পেয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান ঘানার ফরোয়ার্ড। সিটির জার্সিতে এটি তার টানা দ্বিতীয় ম্যাচে গোল।সেমেনিও দ্বিতীয় গোলও পেতে পারতেন, কিন্তু আর্লিং হালান্ডের অফসাইডের কারণে ভিএআর সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়।
ম্যাচের শেষদিকে নিউক্যাসল সমতায় ফেরার চেষ্টা বাড়ালেও ৯৮ মিনিটে তাদের স্বপ্নে ভেঙে দেন বদলি নেমে আসা রায়ান শেরকি। বাম দিক থেকে রায়ান আইত-নুরির বাড়ানো বল নিখুঁত ফিনিশে জালে পাঠান ফরাসি তরুণ। নিশ্চিত করেন সিটির ২–০ গোলের জয়। এই জয়ে দুই লেগ মিলিয়ে বড় সুবিধা পেল ম্যানচেস্টার সিটি। আগামী ৪ ফেব্রুয়ারি ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে খেলবে দুই দল।
আবারও দেখা যাবে সালাহ–মানের দ্বৈরথ