দেশে গত ১০ দিনের বেশি সময় ধরে চলা শৈত্যপ্রবাহ আজ বুধবার সবচেয়ে কম অঞ্চলে বিস্তৃত হয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে এই শৈত্যপ্রবাহ আবার বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। টানা সাত দিন ধরে তেঁতুলিয়াতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আগামীকাল থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এই অবস্থা শনিবার পর্যন্ত চলতে পারে। এরপর আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি শৈত্যপ্রবাহ। ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ বলে বিবেচিত হয়।
এ মাসের শুরুতেই দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, জানুয়ারি মাসে পাঁচটি শৈত্যপ্রবাহ আসতে পারে, যার মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।
