টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে আব্দুর রহিম ওরফে রইক্ষ্যা (৩৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুর রহিম মোছনীর নয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বুধবার (১৪ জানুয়ারি) ফজরের নামাজের সময় স্থানীয় মুসল্লিরা বিকাশ মোড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে মুঠোফোনে কল দিয়ে বন্ধুরা আব্দুর রহিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। নিহতের স্ত্রী ছারা খাতুন জানান, মুঠোফোনে বন্ধুর কল পেয়ে রাতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি আর ফেরেননি।
এর আগে রোহিঙ্গা ক্যাম্পের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ডাকাত নুর কামাল হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এই নতুন খুনের ঘটনায় ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের ধারণা,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপের হাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। নিহত রইক্ষা রোহিঙ্গা সন্ত্রাসী ‘আলম’ গ্রুপের সদস্য ছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যা করেছে জানতে চাইলে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।
