আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ইমাম ও খতিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। মতবিনিময় সভায় উপজেলার শতাধিক ইমাম ও খতিব অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আহসানুল্লাহ কাসেমী, ঈশ্বরগঞ্জ উপজেলা ইসলামি ফাউন্ডেশনের শিক্ষক সমিতির সভাপতি মাওলানা জিয়াউল হক, ফাউন্ডেশনের সুপারভাইজার সৈয়দ মোহাম্মদ হাবিবুর রহমান,জাতীয় ইমাম সমিতি-১০ নং তারুন্দিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা রুহুল আমিন প্রমুখ।
সভায় ইউএনও এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমান গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক গণভোট ও নির্বাচন আয়োজনের জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য।
তিনি আরও বলেন, সমাজে ইমাম ও খতিবদের রয়েছে গুরুত্বপূর্ণ প্রভাব। তাদের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে গণভোট সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া সম্ভব। সানজিদা রহমান সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরো বলেন,নির্বাচনকে ঘিরে কোনো ধরনের গুজব, উসকানি কিংবা সহিংসতার আশ্রয় না নিতে তিনি সবাইকে আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে পাঠবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান ফারুকী দেশ, জাতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।
