খুলনায় নাগরিক শোকসভায় বক্তারা

খালেদা জিয়ার দেখানো পথেই দেশ গড়বেন তারেক রহমান

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপোষহীন রাজনীতির আদর্শ অনুসরণ করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও দল পরিচালনা করবেন—এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনার ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘৪১ বছরের রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ থেকে আপোষহীন দেশনেত্রীতে পরিণত হয়েছেন। তার সংগ্রাম ও ত্যাগের ইতিহাস বিশ্ব রাজনীতিতেও বিরল দৃষ্টান্ত।’

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেন, ‘১৯৮১ সালে রাজনীতিতে পদার্পণ এবং ১৯৮৪ সালে বিএনপির দায়িত্ব গ্রহণের সময় দেশ চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। দলবদল তখন সংক্রামক ব্যাধির মতো ছিল। কিন্তু বেগম খালেদা জিয়া রাজপথে থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।’

সভাপতির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনা বলেন, ‘বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন মানেই গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম। বেগম খালেদা জিয়া ও আপোষহীনতা—এই দুটি শব্দ একে অপরের পরিপূরক।’

সভায় আরও বক্তব্য রাখেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, ড্যাব সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবলু, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শোকসভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সঞ্চালনার দায়িত্ব পালন করেন এবং শোক প্রস্তাব পাঠ করেন।

সভা শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা এবং প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত