মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. মমিন আলী মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে দুই প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
জানা গেছে, গত ১ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর সমর্থক ভোটারদের স্বাক্ষরের সঙ্গে তালিকাভুক্ত তথ্যের অসামঞ্জস্য এবং দুই সমর্থক বিদেশে অবস্থানের কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
প্রার্থিতা ফিরে পেয়ে মীর সরফত আলী সপু বলেন, জনগণের চাওয়া ও অনুরোধের কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিতে বাধ্য হয়েছি। আজ আপিলে বৈধতা পেয়েছি। আল্লাহ চাইলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করব। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করি। এ সময় উপস্থিত ছিলেন মো. মমিন আলী।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ-১ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ, জামায়াতে ইসলামীর প্রার্থী একেএম ফখরুদ্দীন রাজী, ইসলামী আন্দোলনের প্রার্থী কেএম ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, সিপিবির প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রোকেয়া আক্তার, স্বতন্ত্র প্রার্থী মীর সরফত আলী সপু, স্বতন্ত্র প্রার্থী মো. মমিন আলী।
