শর্তের বিরুদ্ধে প্রার্থীদের স্মারকলিপি, শাকসু ভোটে প্রস্তুত কমিশন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে অঙ্গীকারনামার শর্ত প্রত্যাখ্যান করে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের দাবিতে স্মারকলিপি দিয়েছেন প্রার্থীরা। 

বুধবার বিকেল চারটায় সেন্টার অব এক্সিলেন্স ভবনের সামনে শাকসু প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপিটি জমা দেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা।

শাকসু প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, স্মারকলিপিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে পাঠানো হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন স্থগিতের কোনো নির্দেশনা না থাকায় ২০ জানুয়ারি নির্ধারিত তারিখ ধরেই প্রস্তুতি চলছে।

স্মারকলিপিতে ৭৬ জন প্রার্থীর স্বাক্ষর রয়েছে। এতে ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’, ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’, স্বতন্ত্র প্যানেল ‘সাধারণের ঐক্যস্বর’ এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন।

স্মারকলিপিতে প্রার্থীরা উল্লেখ করেন, গত ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন-এর প্রকাশিত একটি প্রজ্ঞাপনকে কেন্দ্র করে শাকসু নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে জাতীয় নির্বাচনের সঙ্গে শাকসু নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা বা সাংঘর্ষিকতা নেই এবং এটি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের কাছ থেকে অঙ্গীকারনামা বা মুচলেকা চাওয়ার উদ্যোগ সম্মানজনক নয়। নতুন কোনো শর্ত ছাড়াই পূর্বনির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানান প্রার্থীরা।

স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী মুহয়ী শারদ বলেন, ‘তিনটি শর্ত সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।’

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. সাজেদুল করিম জানান, স্মারকলিপিটি নির্বাচন কমিশনে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে ১২ ফেব্রুয়ারির আগে সব ধরনের নির্বাচন স্থগিতের নির্দেশনার পর শাকসু নির্বাচন নিয়ে আন্দোলন শুরু হয়। এর মধ্যেই প্রার্থীরা শর্ত প্রত্যাখ্যান করে স্মারকলিপি দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত