ক্রিকেটারদের চলমান বয়কটের কারণে বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচটিও হচ্ছে না। সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের ম্যাচটি হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পর্যন্ত কোনো দলই মাঠে নামেনি। এর আগে দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটিও একই কারণে বাতিল হয়।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তাঁর পদত্যাগের দাবিতে বুধবার রাতে খেলা বয়কটের ঘোষণা দেন ক্রিকেটাররা। আজ দুপুরে তাকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও বোর্ড পরিচালক পদে বহাল থাকায় ক্রিকেটাররা তাদের অবস্থান থেকে সরে আসেননি।
বিকেলে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা জানান, নাজমুলকে বোর্ড পরিচালক পদ থেকে সরানোর লিখিত নিশ্চয়তা পেলে তাঁরা সন্ধ্যার ম্যাচে মাঠে নামবেন। তবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত দুই দলের খেলোয়াড়দের কাউকেই মাঠে দেখা যায়নি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টসের সময় ধারাভাষ্যকার ও ম্যাচ অফিসিয়ালদের মাঠে উপস্থিত থাকতে দেখা গেলেও খেলার কোনো প্রস্তুতি ছিল না। মাঠের সীমানাদড়ি সরিয়ে নেওয়া হয়, ঢেকে দেওয়া হয় পিচও।
এর মধ্যেই ক্রিকেটারদের বয়কটের মুখে বিপিএল সাময়িকভাবে স্থগিত করার বিষয়েও ভাবনা চলছে বলে বিসিবি সূত্রে জানা গেছে।
ফিন্যান্স কমিটির চেয়ারম্যান থেকে নাজমুলকে অব্যাহতি, দায়িত্বে বুলবুল