বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকমুক্ত থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে, সবাই প্রশংসার দাবিদার। যারা বিজয়ী হয়েছে, তাদের পুরস্কার দেওয়ার মাধ্যমে সম্মান জানানো হচ্ছে, যাতে তারা আরও উৎসাহী ও উদ্যমী হয়ে ওঠে। যারা পুরস্কার পায়নি, তারাও ধন্যবাদ ও অভিনন্দনের যোগ্য।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সহকারী শিক্ষা কর্মকর্তা ফজলুল করিম, ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করে। জেলা পর্যায়ে মোট ১০টি ক্রীড়া ইভেন্টের বিভিন্ন বিভাগের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা পুরস্কার বিতরণ করেন। জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীরা আগামীতে রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
