কঠিন পরীক্ষায় উতরে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:১০ এএম

একদিন আগেই কোপা দেল রে থেকে দ্বিতীয় বিভাগের ক্লাব আলবাসেতের কাছে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ—সেই সতর্কবার্তাকে হালকাভাবে নেয়নি এফসি বার্সেলোনা। তবু স্পেনের দ্বিতীয় বিভাগের শীর্ষে থাকা রেসিং সানতান্দারের বিপক্ষে ম্যাচটি যে সহজ হবে না, সেটিই প্রমাণ হলো এল সারদিনেরোতে। শেষ পর্যন্ত কঠিন লড়াইয়ের পর ২-০ গোলে জয় পেয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, আর যোগ করা সময়ের শেষ মুহূর্তে লামিনে ইয়ামালের গোল নিশ্চিত করে বার্সার জয়। আসন্ন লা লিগা ম্যাচের কথা মাথায় রেখে কোচ হান্সি ফ্লিক লেভানডফস্কি, রাফিনহা, পেদ্রি ও এরিক গার্সিয়াকে শুরুর একাদশে রাখেননি। তবুও বার্সেলোনা বলের নিয়ন্ত্রণে থাকলেও প্রথমার্ধে পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে হিমশিম খেতে হয়।

রেসিং সানতান্দার আক্রমণে ভয় না পেয়ে সংগঠিত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণে খেলতে থাকে। ফলে বিরতিতে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে গতি বাড়ায় বার্সেলোনা। লামিনে ইয়ামাল ও মার্কাস রাশফোর্ড একের পর এক আক্রমণে রেসিং গোলরক্ষক জোকিন এজকেতাকে ব্যাতিব্যস্ত করে তোলেন। অবশেষে ৬৬ মিনিটে ফিরমিন লোপেজের পাসে ফাোকায় পেয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান ফেরান তোরেস।

গোল হজমের পর সব ঝুঁকি নিয়ে আক্রমণে ওঠে রেসিং। মানেক্স লোসানো দুইবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। যোগ করা সময়ের শেষ দিকে আন্দ্রেস মার্তিনকে ফাঁকা পেলেও শট নেন লোসানো—দারুণ ব্লকে বার্সাকে বাঁচান গোলরক্ষক জোয়ান গার্সিয়া। এরপরই পাল্টা আক্রমণে ম্যাচ শেষ করে দেন লামিনে ইয়ামাল। রাফিনহার অ্যাসিস্টে শেষ সেকেন্ডে গোল করে নিশ্চিত করেন শেষ আটের টিকিট।

কোয়ার্টার ফাইনালে বার্সার সম্ভাব্য প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ, অ্যাথলেটিক ক্লাব, আতলেতিকো মাদ্রিদ, রিয়াল বেতিস, আলাভেস, আলবাসেতে অথবা ভ্যালেন্সিয়া। তবে কান্তাব্রিয়ায় দারুণ লড়াইয়ের পর প্রমাণ হলো—দ্বিতীয় বিভাগীয় দল হলেও রেসিং সানতান্দারকে অবহেলা করার সুযোগ নেই, আর বার্সেলোনাকে জিততে হয়েছে পরিশ্রম করেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত