মৌলভীবাজারের জুড়ীতে কৃষিজমি থেকে মাটি কাটার কাজে সহায়তা করা এবং সরকারি ও বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রশিবিরের জেলা কলেজ সম্পাদক, ছাত্র সমন্বয়ক ও জুলাইযোদ্ধা তারেক মিয়ার (২২) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা ভূমি অফিসের পেশকার দিপলু ব্রহ্মচারী উজ্জ্বল বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ। তিনি বলেন, আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এর আগে গত ১১ জানুয়ারি দুপুরে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল গ্রামে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।
অভিযানকালে কৃষি জমির মালিক জামাল উদ্দিন এবং ট্রাকচালক রায়হান আহমেদকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত জামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাস এবং রায়হান আহমেদকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
এ সময় মাটি কাটায় সহায়তার অভিযোগে জুলাইযোদ্ধা ও ছাত্র সমন্বয়ক মো. তারেক মিয়াকেও আটক করে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নেওয়া হয়। তার আটকের খবর ছড়িয়ে পড়লে তারেক মিয়ার সহযোদ্ধারা অ্যাসিল্যান্ড অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা তারেক মিয়াকে সঙ্গে নিয়ে অফিস ত্যাগ করেন।
