জাতীয় পার্টির মহাসচিব সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, মবের ভয়ে আমাদের দলের ৪০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। দেশে কোনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রশাসন এখনও দেশের নিয়ন্ত্রণ নেয়নি। আজ ও কাল সারাদিন ঢাকা অচল ছিল। তফশিল ঘোষণার পর যে ধরনের ঘটনাগুলো ঘটছে, আমরা কখনও তফশিলের পরে এই ধরনের ঘটনা দেখিনি।
বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ পৌরশহরের চারমাথায় উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা মনে করি সরকার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী সকলে যদি চায়, তাহলে এ অবস্থার উত্তরণ ঘটতে পারে। এ পরিস্থিতে দেশে সুষ্ঠু ভোটের কোনও সম্ভাবনা দেখি না।
মতবিনিময়সভার সভাপতিত্ব করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মশিউর রহমান। এ সময় বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সভাপতি কাজী আতিনুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মেহেদুল ইসলাম, নুরুল ইসলাম প্রধান, সহ সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান আতিক, ত্রাণ বিষয়ক সম্পাদক হাসান আলী প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল।
