‘মেসির সঙ্গে একবার দেখা হয়েছে, আমি তার অনেক বড় ভক্ত’

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

বিশ্ব ক্রীড়াঙ্গনের দুই কিংবদন্তি—টেনিসের রজার ফেদেরার ও ফুটবলের লিওনেল মেসি। নিজ নিজ খেলায় যুগের পর যুগ আধিপত্য বিস্তার করে আসছেন। যে কারনে এই দুই তারকাকে প্রায়ই একে অপরের সঙ্গে তুলনা করা হয়। এবার মেসিকে নিয়ে অকপট প্রশংসা করলেন সাবেক সুইস টেনিস তারকা রজার ফেদেরার।

সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেদেরার বলেন, ‘আমি মেসির সঙ্গে মাত্র একবার দেখা করেছি। ব্যক্তিগতভাবে তাকে খুব কাছ থেকে চিনি না। তবে ফুটবলে সে যা করেছে, তা অসাধারণ। আমি সত্যিই তার বড় ভক্ত। যেভাবে সে ফুটবলকে নিয়ন্ত্রণ করেছে এবং খেলাটাকে বদলে দিয়েছে, তা অবিশ্বাস্য। সে ইতিমধ্যেই বিশ্বকাপ জিতেছে—এটা তার জন্য অনেক বড় স্বস্তি। যদিও বিশ্বকাপে খেলা মানেই চাপ, তবুও আমি তাকে অনুসরণ করব।’

আর্জেন্টিনার হয়ে মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়েও কথা বলেন ফেদেরার। অনেকেরই ধারণা, ২০২৬ বিশ্বকাপ খেলে মেসি অবসরে যাবেন। বিষয়টি নিয়ে ৪৪ বছর বয়সী এই সাবেক টেনিস কিংবদন্তি জানান, যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপ দেখতে তিনি নিজেও যেতে পারেন, ‘সুইজারল্যান্ডও বিশ্বকাপে উঠেছে, তাই আমি যেতে পারি। আমি চাই, মেসি তার ক্যারিয়ারের জন্য যে শেষটা চায়, সেটাই পাক।’

২০টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার এর আগেও একাধিকবার মেসির প্রশংসা করেছেন ফেদেরার। ২০২৩ সালে টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক চিঠিতে তিনি লিখেছিলেন, ‘মেসির গোল কিংবা শিরোপার পরিসংখ্যান আলাদা করে বলার প্রয়োজন নেই। আমাকে সবচেয়ে মুগ্ধ করে তার দীর্ঘ সময় ধরে ধারাবাহিক শ্রেষ্ঠত্ব ধরে রাখা। তার ড্রিবল জাদুকরের মতো, পাসগুলো যেন শিল্পকর্ম। তার বিশ্বকাপ জয়ের পর বুয়েনোস আইরেসের রাস্তায় লাখো মানুষের উদযাপন ছিল ক্রীড়াজগতের এক অবিস্মরণীয় মুহূর্ত।’

উল্লেখ্য, ২০২২ সালে অবসর নেওয়ার পর ফেদেরারকে শুভেচ্ছা জানিয়েছিলেন লিওনেল মেসি নিজেও। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লিখেছিলেন, ‘টেনিস ইতিহাসের এক অনন্য প্রতিভা। যেকোনো ক্রীড়াবিদের জন্য উদাহরণ। নতুন অধ্যায়ের জন্য শুভকামনা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত