ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন উয়েফার সাবেক প্রধান মিশেল প্লাতিনি। তাঁর দাবি, ইনফান্তিনো আগের তুলনায় এখন অনেক বেশি স্বৈরাচারী হয়ে উঠেছেন এবং ক্ষমতাবান ও ধনীদের প্রতিই তাঁর আগ্রহ বেশি। বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ফরাসি ফুটবল কিংবদন্তি।
২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত উয়েফার প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন প্লাতিনি। ওই সময় ইনফান্তিনো ছিলেন তাঁর ডেপুটি। সাবেক বসের মতে, সহকারী হিসেবে ইনফান্তিনো দক্ষ ছিলেন, কিন্তু শীর্ষ পদে এসে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি, “তিনি নাম্বার টু হিসেবে ভালো ছিলেন, কিন্তু নাম্বার ওয়ান হিসেবে ভালো নন। উয়েফায় তিনি ভালো কাজ করেছেন, তবে তাঁর একটি বড় সমস্যা আছে—তিনি ধনী ও ক্ষমতাবান মানুষদের পছন্দ করেন। এটা তাঁর স্বভাব। আগে তিনি বস ছিলেন না বলেই বিষয়টা ততটা চোখে পড়েনি।”
করোনাভাইরাস মহামারির পর থেকে ইনফান্তিনোর নেতৃত্ব আরও কেন্দ্রীয়করণমুখী হয়েছে বলেও মন্তব্য করেন প্লাতিনি, “দুঃখজনকভাবে মহামারির পর ইনফান্তিনো আরও বেশি স্বৈরাচারী হয়ে উঠেছেন।”
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় প্রস্তুতি চলার সময় ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। এমনকি গত ডিসেম্বরে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে একটি বিশেষ ফিফা শান্তি পুরস্কারও দেন তিনি—যা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।
২০১৬ সালে দুর্নীতির অভিযোগে জর্জরিত সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত হন সুইস-ইতালিয়ান আইনজীবী ইনফান্তিনো। তবে প্লাতিনির মতে, ইনফান্তিনোর একক সিদ্ধান্তনির্ভর নেতৃত্ব ফিফাকে ব্লাটারের সময়ের চেয়েও কম গণতান্ত্রিক করে তুলেছে, “ব্লাটারের সময়ের তুলনায় এখন ফিফায় গণতন্ত্র কম। ব্লাটার সম্পর্কে অনেক কিছু বলা যায়, কিন্তু তাঁর মূল সমস্যা ছিল তিনি আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। তারপরও তিনি ফুটবলের জন্য ভালো মানুষ ছিলেন।”
ফুটবল প্রশাসন নিয়েও হতাশা প্রকাশ করেছেন সাবেক এই তারকা। তাঁর মতে, এখন অনেক প্রশাসকই ফুটবল ভালোবেসে নয়, বরং পেশাগত দায়িত্ব হিসেবে কাজ করছেন। “এখনকার অনেক কর্মকর্তার কাছে ফুটবল আর বাস্কেটবল—দুটোর মধ্যে তেমন পার্থক্য নেই,” বলেন প্লাতিনি।
ইনফান্তিনো ও তাঁর ঘনিষ্ঠ মহলের কড়া সমালোচক হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত প্লাতিনি। এর আগে তিনি অভিযোগ করেছিলেন, ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রার্থিতা ঠেকাতে ইনফান্তিনো সুইস প্রসিকিউটরদের কাছে ব্লাটারের কাছ থেকে পাওয়া ২০ লাখ সুইস ফ্রাঁর একটি নথিবিহীন অর্থপ্রদানের তথ্য ফাঁস করেছিলেন।
প্রথমবার অংশ নিতে এসেই লাইনচ্যুত সুজন-জাকেরদের নোয়াখালী এক্সপ্রেস