বর্ণবাদী মন্তব্যের অভিযোগে লিভারপুল গোলকিপারের ছয় ম্যাচ নিষেধাজ্ঞা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ এএম

বর্ণবাদী ভাষা ব্যবহারের অভিযোগে লিভারপুল নারী দলের গোলরক্ষক রাফায়েলা বর্গগ্রাফেকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

লিভারপুল নারী দলের কোচ গ্যারেথ টেলর জানান, তদন্ত শেষে দেওয়া শাস্তি মেনে নিয়েছেন ২৫ বছর বয়সী জার্মান এই গোলরক্ষক। নিষেধাজ্ঞার ছয় ম্যাচের মধ্যে তিনি ইতোমধ্যে পাঁচটি ম্যাচের সাজা ভোগ করেছেন। সর্বশেষ ম্যাচ হিসেবে রবিবার উইমেন্স এফএ কাপের চতুর্থ রাউন্ডে লন্ডন বিসের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না বর্গগ্রাফে। সেটিই হবে তার নিষেধাজ্ঞার শেষ ম্যাচ।

ঘটনাটি ঘটেছিল লিভারপুলের প্রাক-মৌসুম প্রশিক্ষণ ক্যাম্প চলাকালে। অভিযোগ অনুযায়ী, এক সতীর্থের উদ্দেশে আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্য করেন বর্গগ্রাফে। গত সেপ্টেম্বর এ ঘটনায় তদন্ত শুরু করে এফএ। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে লিভারপুল কর্তৃপক্ষ ঘটনাটি রিপোর্ট করে। এফএ আরও জানিয়েছে, শাস্তির পাশাপাশি বর্গগ্রাফেকে একটি শিক্ষামূলক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে কোচ গ্যারেথ টেলর বলেন, ‘পরিস্থিতি যেমন ছিল, দল ও ক্লাব সে অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিয়েছে। আমরা এফএকে পুরোপুরি সহযোগিতা করেছি। প্রক্রিয়াটি কিছুটা দীর্ঘ হওয়ায় সংশ্লিষ্ট সবার জন্যই হতাশাজনক ছিল, বিশেষ করে রাফায়েলার জন্য। তবে এখন বিষয়টি শেষ হওয়ায় আমরা স্বস্তি পাচ্ছি এবং সামনে এগিয়ে যেতে পারছি।’

গত গ্রীষ্মে জার্মান ক্লাব এসসি ফ্রাইবুর্গ থেকে লিভারপুলে যোগ দেন রাফায়েলা বর্গগ্রাফে। এখন পর্যন্ত তিনি লিভারপুলের হয়ে তিনটি প্রথম দলীয় ম্যাচ খেলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত