বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
আজ শনিবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, আগামী ১৯ জানুয়ারি (সোমবার) দিনটি উপলক্ষে সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন। এদিন দলের চেয়ারম্যানকেও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে।
তিনি আরও জানান, বিএনপির দুইদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তি ও বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।
এ ছাড়া ১৯ জানুয়ারি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলোতে যার যার মতো করে আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে।
