প্রথম শ্রেণির ক্রিকেটে অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে। মাত্র ৪০ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ জিতে ২৩২ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছে পাকিস্তান টিভি (পিটিভি) ক্রিকেট দল। লক্ষ্য তাড়া করতে নেমে সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেড (এসএনজিপিএল) গুটিয়ে গেছে মাত্র ৩৭ রানে।
শনিবার করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড–১ প্রতিযোগিতায় ঘটে এই বিরল ঘটনা। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম লক্ষ্য দিয়েও জয়ের রেকর্ড ছিল ১৭৯৪ সালের। ইংল্যান্ডের লর্ডসে ওল্ডফিল্ড ৪১ রানের লক্ষ্য দিয়েও এমসিসিকে হারিয়েছিল। দীর্ঘ ২৩২ বছর পর সেই রেকর্ড নতুন করে লেখা হলো।
এই ম্যাচটি ছিল চলতি প্রেসিডেন্টস ট্রফির সবচেয়ে কম রানের এবং দ্রুত শেষ হওয়া ম্যাচ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পিটিভি অলআউট হয় ১৬৬ রানে। শামিল হুসাইনের নেতৃত্বাধীন দলে কেউই হাফসেঞ্চুরির দেখা পাননি। জবাবে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদের নেতৃত্বাধীন এসএনজিপিএল সাইফুল্লাহ বাঙ্গাসের ফিফটির ওপর ভর করে ২৩৮ রান তোলে এবং নেয় ৭২ রানের লিড।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পিটিভি বড় বিপর্যয়ে পড়ে। মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় তারা। এতে এসএনজিপিএলের সামনে জয়ের জন্য প্রয়োজন দাঁড়ায় মাত্র ৪০ রান। কিন্তু সহজ সেই লক্ষ্য তাড়া করতে নেমেই ধস নামে ব্যাটিংয়ে। চতুর্থ ইনিংসে সাইফুল্লাহ ছাড়া আর কেউ দুই অঙ্কের রানও করতে পারেননি। শেষ পর্যন্ত দলটি অলআউট হয় ৩৭ রানে।
পিটিভির পক্ষে ম্যাচের নায়ক ছিলেন আলি উসমান। তিনি মাত্র ৯ রান খরচায় ৬টি উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়েন। উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি মৌসুমের কায়েদে আজম ট্রফিতেও সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এই স্পিনার।
শেষ ওভারে সাইফুদ্দিনের তিন ছক্কায় আফসোস বাড়লো ঢাকার