মেলবোর্ন পার্কে ইতিহাসের প্রথম আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ওপেন যেন এক মুহূর্তেই রূপ নেয় রজার ফেদেরারের ব্যক্তিগত শোতে। মৌসুমের প্রথম গ্র্যান্ড স্লাম শুরুর আগের সন্ধ্যায় ১৫ হাজার দর্শকে ঠাসা রড লেভার অ্যারেনায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন সুইস কিংবদন্তি।
মঞ্চে ছিল জনপ্রিয় ব্যান্ড ক্রাউডেড হাউসের সংগীত পরিবেশনা, গ্যালারিতে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান টেনিসের জীবন্ত কিংবদন্তি রড লেভার। ৮৭ বছর বয়সী এই গ্র্যান্ড স্লাম নায়ক বসেছিলেন সেই কোর্টসাইডেই, যে অ্যারেনাটি তার নামেই পরিচিত। কিন্তু সব আয়োজন ছাপিয়ে দর্শকদের দৃষ্টি আটকে যায় ফেদেরারের দিকেই।
ছয়বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ও ২০ গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার প্রদর্শনী ডাবলসে নামেন সাবেক চ্যাম্পিয়ন আন্দ্রে আগাসি ও অ্যাশ বার্টির সঙ্গে। প্রতিপক্ষ হিসেবে ছিলেন প্যাট রাফটার ও লেইটন হিউইট। ম্যাচটি ছিল প্রতীকী হলেও, ফেদেরারের উপস্থিতিতেই উত্তেজনা পায় ভিন্ন মাত্রা। প্রথম পয়েন্টেই কিছুটা অপ্রস্তুত ফোরহ্যান্ডের পর শেষ পর্যন্ত লাফানো ওভারহেড শটে জয় নিশ্চিত করে আবারও স্মরণ করিয়ে দেন, কেন তিনি টেনিস ইতিহাসের অন্যতম সেরা।
গ্যালারিতে বসে এই দৃশ্য উপভোগ করেন নোভাক জকোভিচও। ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ী এই সার্বিয়ান তারকা আগামী সপ্তাহে নিজের অভিযান শুরু করবেন।
২০২৬ অস্ট্রেলিয়ান ওপেনকে আয়োজকেরা সাজিয়েছে তিন সপ্তাহব্যাপী টেনিস উৎসব হিসেবে। মূল ড্র শুরুর আগেই প্রদর্শনী ম্যাচ, কোয়ালিফায়িং ও বিশেষ ইভেন্ট মিলিয়ে ছয় দিনে মাঠে হাজির হয়েছেন প্রায় দুই লাখ দর্শক।
২০২১ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ায় ফেরা ফেদেরারের জন্য মুহূর্তটি ছিল আবেগঘন। প্রতিযোগিতামূলক টেনিস থেকে অবসর নেওয়ার কারণে বিদায়ী সফর করা হয়নি তার। রড লেভারের উপস্থিতি প্রসঙ্গে ফেদেরার বলেন, আগের প্রজন্মের তারকাদের সম্মান জানানো এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।
২৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে অবিশ্বাস্য জয়