অ্যানফিল্ডে দর্শকদের দুয়ো নিয়ে মুখ খুললেন আর্নে স্লট

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:১৭ এএম

চলতি মৌসুমে আবারও অ্যানফিল্ডে শেষ বাঁশির সঙ্গে সঙ্গে দর্শকদের একাংশের দুয়ো শুনতে হয়েছে লিভারপুলকে। সদ্য প্রমোটেড বার্নলির বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ঘরের মাঠে হতাশা গোপন রাখতে পারেননি সমর্থকরা। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন লিভারপুল কোচ আর্নে স্লট।

ম্যাচ শেষে দুয়ো প্রসঙ্গে স্লট বলেন, “আমি একে দুয়ো নয়, বরং হতাশা হিসেবেই দেখছি। লিভারপুল যদি ঘরের মাঠে বার্নলির সঙ্গে ড্র করে সন্তুষ্ট থাকে, তাহলে সেখানে নিশ্চয়ই কিছু ভুল আছে। সমর্থকদের হতাশা আমি পুরোপুরি বুঝতে পারি—আমি নিজেও একইভাবে হতাশ, খেলোয়াড়রাও তাই।”

এই মৌসুমে প্রথমবারের মতো ১৯৮০-৮১ সালের পর লিভারপুল ঘরের মাঠে সদ্য প্রমোটেড তিন দলের বিপক্ষে কোনো ম্যাচই জিততে পারেনি। এর আগে সান্ডারল্যান্ডের সঙ্গে ১-১ এবং লিডস ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা।

পরিসংখ্যান অনুযায়ী, ম্যাচে লিভারপুল ছিল পুরোপুরি প্রভাবশালী। প্রতিপক্ষের বক্সে তাদের প্রবেশ ছিল ৭৬ বার, শট নিয়েছে ৩২টি, যার মধ্যে ১১টি লক্ষ্যে। ম্যাচে লিভারপুলের প্রত্যাশিত গোল (xG) ছিল ২.৯৫। অথচ বার্নলি তাদের একমাত্র লক্ষ্যে থাকা শট থেকেই গোল আদায় করে নেয়।

স্লট বলেন, “চান্স তৈরির দিক থেকে আমি আর বেশি কিছু চাইতে পারতাম না। আমরা বলের দখল রেখেছি, সুযোগ তৈরি করেছি, কিন্তু আরও কার্যকর হতে পারিনি।”

প্রথমার্ধে ডমিনিক সবোস্লাইয়ের নেওয়া পেনাল্টি মিস না হলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত বলেও স্বীকার করেন স্লট। তবে তার মতে, পেনাল্টির বাইরে আরও অনেক আগেই ম্যাচ নিজেদের করে নেওয়ার সুযোগ ছিল লিভারপুলের।

বার্নলির সমতায় ফেরার গোলটি আসে এক মুহূর্তের ভুলে। এ নিয়ে স্লট বলেন, “পেছন থেকে বল বের করতে গিয়ে আমরা ভুল করেছি। এটা পুরো মৌসুমেরই এক ধরনের প্রতিচ্ছবি।”

লিগে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকলেও শেষ চারটি ম্যাচের তিনটিতেই জয় হাতছাড়া করেছে লিভারপুল। আর্সেনালের বিপক্ষে ড্রয়ের বাইরে লিডস ও বার্নলির বিপক্ষে ঘরের মাঠে পয়েন্ট হারানো এবং ফুলহামের বিপক্ষে শেষ মুহূর্তে লিড খুইয়ে বসা—সব মিলিয়ে বড় মূল্য দিতে হচ্ছে দলটিকে।

স্লট বলেন, “যেসব ম্যাচে আমাদের জেতা উচিত ছিল, সেসব ম্যাচে আমরা অনেক পয়েন্ট হারিয়েছি। এর দায় আমাদেরই।”

এদিকে, শিগগিরই দলে ফিরছেন ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। আফ্রিকা কাপ অব নেশনসে মিসরের হয়ে খেলার পর তিনি আবার লিভারপুলে যোগ দেবেন। সামনে মার্সেই ও বোর্নমাউথের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সালাহর ফেরা দলটির জন্য বড় স্বস্তি বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত