ভারত–নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচকে সামনে রেখে ইন্দোরে ব্যাগভর্তি বোতলজাত পানি নিয়ে গেছেন বিরাট কোহলিরা। ভারতের ব্যাটিং কিংসহ অনেক ক্রিকেটারকেই বোতলজাত পানি নিয়ে বিমানবন্দর থেকে বের হতে দেখা গেছে।এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং শুরু হয় আলোচনা—কেন নিজস্ব পানি বহন করছেন কোহলি?
ভারত-নিউজিল্যান্ড সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। শেষ ওয়ানডের আগে ইন্দোরে পানিদূষণ প্রকট আকার ধারণ করেছে। শহরের বিভিন্ন এলাকায় দূষিত পানির কারণে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারি তথ্যে অন্তত ২৩ জনের মৃত্যু এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে আশঙ্কা করা হচ্ছে, আর এখনো বেশ কয়েকজন চিকিৎসাধীন। দূষিত পানির কারণে জনস্বাস্থ্য সংকট প্রকট আকার ধারণ করেছে।
বিরাট কোহলি দীর্ঘদিন ধরেই তার কঠোর ফিটনেস রুটিন ও জীবনযাপনের জন্য পরিচিত। আন্তর্জাতিক সফরে তিনি সাধারণত নির্দিষ্ট ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির বোতলজাত পানি পান করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ফ্রান্স থেকে আমদানি করা এভিয়ান ন্যাচারাল স্প্রিং ওয়াটারসহ নির্দিষ্ট কয়েকটি ব্র্যান্ডের পানিই তিনি গ্রহণ করেন। দল ইন্দোরে অনুশীলনে নামার আগেও কোহলিকে নিজের পানি বহন করতে দেখা যায়।
শুধু কোহলি নয়, শুবমান গিল তো প্রায় ৩ লাখ রুপি মূল্যের একটি উন্নতমানের ওয়াটার পিউরিফায়ার নিয়ে ইন্দোরে গেছেন, যা তার হোটেল কক্ষে স্থাপন করা হয়েছে। এই যন্ত্রটি অতিরিক্ত দূষিত পানিকেও পুনরায় পরিশোধন করতে সক্ষম। ভারতের মধ্যপ্রদেশ সরকার ইতোমধ্যে হাইকোর্টকে জানিয়েছে, দূষিত পানির উৎসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ট্যাংকারের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
ব্যাটে-বলে যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা
রিয়ালকে জিতিয়ে শতাব্দীর দ্রুততম ৫০ গোলে রোনালদোর পরই এমবাপ্পে