রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানো রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু’র) জিএস সালাউদ্দিন আম্মার। রবিবার (১৮ই জানুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে টাঙানো এ ব্যানার খুলে ফেলেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দুপুর ২টার আগে সংগঠনটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার ব্যানার খুলে নেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন তিনি।
ব্যানার ছিঁড়ে ফেলার ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্ট আম্মার জানান, ‘সংশ্লিষ্ট শিক্ষককে দৃষ্টি আকর্ষণ করে ২টার মধ্যে ব্যানার অপসারণ করতে আহবান জানিয়েছিলাম। উনি অপসারণ করেননি। তাই শিক্ষার্থী হিসেবে নিজে ছিঁড়ে দিলাম। ক্যাম্পাসে দলীয় ব্যানারে রাজনীতির যতোগুলো উপসর্গ যখনই পাবো শিক্ষকদের তখনই বিরোধিতা করব। শিক্ষক রাজনীতি শিক্ষার মাথা খেয়ে একেকজনকে পলিটিকাল দালাল বানাইয়া রাখছে।’
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ‘অন্য আরেকটি দল জামায়াতে ইসলামীর জন্যও একই বার্তা তবে তারা ক্যাম্পাসে দলীয় ব্যানারে এখন পর্যন্ত একটা বিবৃতিও দেয়নি, মিছিল মিটিং করেনি এমনকি তাদের দলীয় পরিচয় এই ক্যাম্পাসে আমি পাইনি এখনও। আপনারা যেকোনো দল করেন, রাজনীতি করেন তবে সেটা ক্যাম্পাসের বাইরে।’
ব্যানার খুলে ফেলার বিষয়ে জানতে চাইলে জিয়া পরিষদ রাজশাহী জেলার সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার বলেন, ‘তার শক্তি আছে সেটি দিয়ে খুলে ফেলেছে। এর চেয়ে আর বর্বোচিত ঘটনা কি হতে পারে। আজকে তারেক রহমান একজন দেশ বরণ্য নেতা যার জন্য দেশ ঐক্য ধরে আছে। আমাদের ঐক্যের প্রতীক তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার টাঙানোয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কি এমন ক্ষতি হলো যে টাঙানো পোস্টার খুলে ফেললো। আমি এর ঘৃণাভরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালাম।’
তিনি আরও বলেন, ‘জিয়া পরিষদ সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। এটা আমাদের গঠনতন্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে। সালাহউদ্দীন এই সংগঠনকে রাজনৈতিক সংগঠন বলেছেন, এটা তার অজ্ঞতা।’
