ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নকল শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে পৌরসভার ছোলনা এলাকার মেসার্স ভাইভাই ফুড নামে ওই কারখানায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, ছোলনা গ্রামের হাসিবুর বিশ্বাসের দুই ছেলে রুহুল আমিন বিশ্বাস (৪০) ও বাহারুল বিশ্বাস (৩৭) একটি ভাড়া করা বাড়িতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই নকল শিশুখাদ্য উৎপাদন করছিলেন। তারা স্যাকারিন, ঘন চিনি ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে জুস, আইস ললি, তেঁতুলের চাটনি ও জলপাই চাটনিসহ নানা ধরনের পণ্য তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল।
যৌথ বাহিনীর দল পাঁচ ঘণ্টাব্যাপী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করে স্টেডিয়াম মাঠসংলগ্ন ফাঁকা জায়গায় ধ্বংস করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ কারখানার মালিক বাহারুল বিশ্বাসকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারায় ১ লাখ টাকা জরিমানা করেন এবং কারখানাটি সিলগালা করে দেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, ‘শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর এসব নকল খাদ্য উৎপাদন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আইন অনুযায়ী জরিমানা আর পণ্য ধ্বংস করা হয়েছে।’