কায়সার কামাল

বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য এলাকা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম

নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কায়সার কামাল বলেন বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য এলাকা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নারীরা যেন সহজেই কর্মসংস্থানের সুযোগ পায় সেজন্য এলাকা ভিত্তিক, নানা ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে দুর্গাপুর পৌরশহরের তেরীবাজারে নারী কাছে এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন তিনি।

কায়সার কামাল আরো বলেন, মাদকের কারণে শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুর ও কলমাকান্দা দুই উপজেলাই অনেক পরিবার ক্ষতিগ্রস্ত। মাদকের কারণেই ইভটিজিং হয়, কিশোর গ্যাং তৈরি হয় এর মূল উৎস হচ্ছে মাদক। আমি যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছি, সেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি। আপনারা যদি আমাকে এলাকায় কাজ করার সুযোগ দেন। তাহলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে।

তিনি আরও বলেন, সে যেই হোক, যত শক্তিশালী পরিবারের সদস্যই হউক বা যত বড় নেতাই হউক, কাউকেই আমি ছাড় দেব না, ইনশাল্লাহ। আমরা দলের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড ইস্যু করব। আপনাদের সহযোগিতায় ভোটের মাধ্যমে যদি এমপি নির্বাচিত হই এবং বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে এই ফ্যামিলি কার্ড সকল পরিবারে দেওয়া হবে। ফ্যামিলি কার্ডটি গৃহকর্ত্রীর নামে ইস্যু করা হবে।

মতবিনিময় সভায় বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক নারী তাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময় স্থানীয় বাসিন্দা পারভিন আক্তার বলেন, অনেক মা আছেন, যারা এখন এই কথাটা বলতেই পারছেন না যে তাদের সন্তান নেশাগ্রস্থ। যেমন আমার ছেলে নেশা করে। আমার মতো অনেক মায়ের সন্তান এই কষ্টের শিকার। আমি চাই এমন ব্যবস্থা নেওয়া হোক যেন কেউ নেশা হাতে নিতে ভয় পায়।

আর নমিতা দে বলেন, হাসপাতালে গেলে দেখা যায় শুধু নোংরা পরিবেশ। টয়লেট পরিষ্কার করার মতো কোনো লোক নেই। হাসপাতালে গিয়ে টয়লেটে বসার পরিবেশ নেই, গোসলখানা নোংরা। ডায়াবেটিস রোগীর কোনো চিকিৎসা নেই, কুকুরে কামড়ের কোন ওষুধও পাওয়া যায় না। আমি চাই আমাদের স্বাস্থ্য বিভাগটা যেনো আরো সুন্দর ভাবে পরিচালনা করা হয়। ব্যারিস্টার কায়সার কামাল নারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত