২০২৬ সনের হজযাত্রীদের জন্য টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশজুড়ে মোট ৮০টি নির্ধারিত কেন্দ্র থেকে হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া হবে।
রবিবার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর দেশের ৬৪টি সিভিল সার্জন কার্যালয় থেকে হজযাত্রীরা টিকা নিতে পারবেন। পাশাপাশি ঢাকা মহানগরীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং বাংলাদেশ সচিবালয় ক্লিনিকেও টিকাদানের ব্যবস্থা থাকবে।
ঢাকার বাইরে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল থেকেও হজযাত্রীরা টিকা গ্রহণ করতে পারবেন।
টিকা প্রদানের নির্ধারিত তারিখ পরবর্তীতে হজযাত্রীদের মোবাইলে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। টিকা গ্রহণের সময় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে প্রিন্ট করা ই-হেলথ কপি সঙ্গে রাখতে হবে।
হজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হজ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত মন্ত্রণালয় ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
