চিলিকে ৬ গোল দিয়ে কিংস ওয়ার্ল্ড কাপ নেশনস চ্যাম্পিয়ন ব্রাজিল

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম

কিংস ওয়ার্ল্ড কাপ নেশনস টুর্নামেন্টে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ব্রাজিল। সাও পাওলোর আলিয়াঞ্জ পার্কে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে চিলিকে ৬–২ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে স্বাগতিকরা। গ্যালারিতে উপচে পড়া দর্শকের সামনে ব্রাজিল মেলে ধরেছিল আক্রমণাত্মক ফুটবল, দৃঢ় মানসিকতা ও বিনোদনমূলক পারফরম্যান্সের প্রদর্শনী।

রবিবার রাতে ৪১ হাজার ৩১৬ দর্শকের গর্জনে অনুপ্রাণিত ব্রাজিল শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। কেলভিন অলিভেইরা, লেলেতি গার্সিয়া ও লিপাঁও পিনেইরোর সমন্বয়ে গড়া আক্রমণভাগ চিলির রক্ষণভাগে বারবার ভাঙন ধরায়। তবে টুর্নামেন্টের চমক হয়ে ফাইনালে ওঠা চিলি সহজে হার মানেনি। দুইবার গোল করে ব্যবধান কমিয়ে তারা ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে এবং দীর্ঘ সময় লড়াই জমিয়ে রাখে।

শেষ পর্যন্ত পাল্টা আক্রমণ ও নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ব্রাজিল। ম্যাচের শেষদিকে কেলভিন অলিভেইরার গোল শিরোপা নিশ্চিত করে দেয়, যার মাধ্যমে তারা টানা দ্বিতীয়বার কিংস ওয়ার্ল্ড কাপ নেশনস জয়ের কৃতিত্ব অর্জন করে। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য লেলেতি গার্সিয়া ম্যাচসেরা নির্বাচিত হন। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন লিপাঁও পিনেইরো। পরাজিত চিলির হয়ে গোলরক্ষক মাতিয়াস হেরেরাও অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন।

ফাইনালের আগে বিশেষ প্রদর্শনী ম্যাচ খেলেছে কাজেটিভি ও কিংস লিগ ব্রাজিল। সেই ম্যাচে রোনালদো, নেইমার, বেবেতো, জে রবার্তো, দেনিলসন, মিশেল বাস্তোস, মাইকনের মতো ফুটবল ও বিনোদন জগতের তারকারা অংশ নেন। এমনকি এনএফএল তারকা চ্যাড ‘ওচোসিনকো’ জনসনও উপস্থিত ছিলেন। সব মিলিয়ে টুর্নামেন্টের ফাইনাল হয়ে ওঠে ফুটবল ও বিনোদনের এক ঐতিহাসিক মিলনমেলা, যেখানে শেষ হাসিটা হেসেছে ব্রাজিলই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত