সিংগাইরে গনপিটুনিতে দুই চোর নিহত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ছয়ানি গ্রামে গরু চুরি করার অপরাধে গনপিটুনিতে ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার ছয়ানি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২২) ও দশয়ানি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে ইমাননগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগ ওঠে ওই দুইজনের বিরুদ্ধে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হন।    

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় আনা হলে সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৬টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।

সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নিহতদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত