রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসা চাইল ছাত্রদল

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। রবিবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক কালে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় এবং সংশ্লিষ্ট রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির মূল্যায়ন ও মনোসামাজিক সহায়তার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

কর্মসূচিতে প্রত্যেক হল ও অনুষদের নেতা-কর্মীকে অংশগ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বিশেষ আহ্বান জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে রবিবার বেলা ১টার দিকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদারের টানানো ব্যানার ছিঁড়ে ফেলেন রাকসু জিএস আম্মার।

এ ঘটনার পর ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রতিবাদে আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত