ট্রেনের ধাক্কায় ডোবায় পড়া হাতিটিকে বাঁচানো গেল না

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

সিলেটে ট্রেনের ধাক্কায় ডোবায় পড়া আহত হাতিটি মারা গেছে। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান ও হাতিটির চিকিৎসার দায়িত্বে থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাতিটি মারা যায়। খাদ থেকে উদ্ধারের পর হাতিটিকে মালিকের কাছে হস্তান্তর করেছিলাম। কিন্তু হাতি গুরুতর আহত হওয়ায় তাকে ওই এলাকা থেকে সরানো সম্ভব হয়নি। সেখানেই সে আজকে মারা যায়।

একই তথ্য জানিয়ে অধ্যাপক সুলতান আহমদ জানান, টেনের ধাক্কায় খাদে পড়ে মেরুদণ্ডে আঘাত পাওয়ায় হাতিটির পেছনের অংশ অসাড় হয়ে যায়। ফলে প্রাণীটিকে ওঠানোও সম্ভব হয়নি। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছিলাম। হাতিটির চিকিৎসা ও সার্বিক বিষয়ে খোঁজ নিতে ঢাকা থেকে বন বিভাগের কর্মকর্তা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকও আসেন। সব চেষ্টার পরও দুপুরে হাতিটি মারা যায়।

গত শনিবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়ে রেললাইন-সংলগ্ন একটি খাদে পড়ে ছিল হাতিটি। পরে রোববার দুপুরে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসক, কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দলের প্রচেষ্টায় হাতিটি উদ্ধার করে ডাঙায় তোলা হয়। এর পর থেকে প্রাণীটি সেখানেই ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত