২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন পক্ষ থেকে ফরমাল চার্জ উপস্থাপন করে অভিযোগ আমলে নেওয়ার আবেদন করলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ আজ সোমবার এই আদেশ দেন। তাদের আগামী ২৬ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলায় সোমবার প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। এই প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট ১০ জনকে হত্যার ঘটনায় আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।
