‘শুধু শান্তির কথাই ভাবতে বাধ্য নই’ ট্রাম্প

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে বলেছেন, তিনি এখন আর বৈশ্বিক শান্তির কথা ভাবার প্রয়োজন মনে করছেন না। নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করে তিনি আবারও গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের দাবি তুলেছেন।  

নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব যুক্তরাষ্ট্রের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে ট্রাম্পকে একটি বার্তা পাঠিয়েছিলেন। বার্তায় গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণে সম্মতি না দেয়ায় ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের সমালোচনা করা হয়। ওই বার্তার জবাবেই ট্রাম্প এই চিঠি পাঠান।

চিঠিতে ট্রাম্প লেখেন, একাধিক যুদ্ধ বন্ধে ভূমিকা রাখার পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি এখন যুক্তরাষ্ট্রের স্বার্থে কী ভালো ও যথাযথ, সে বিষয়ে মনোযোগ দিতে স্বাধীন বোধ করছেন—যদিও শান্তি তাঁর অগ্রাধিকার হিসেবেই থাকবে। জবাবে স্টোরে জানান, তিনি ট্রাম্পকে আবারও স্মরণ করিয়ে দিয়েছেন যে নোবেল শান্তি পুরস্কার প্রদানকারী নরওয়েজিয়ান নোবেল কমিটি সম্পূর্ণ স্বাধীন এবং নরওয়ের সরকারের নিয়ন্ত্রণে নয়।

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্প এর আগেও প্রকাশ্যে আগ্রহ দেখিয়েছেন। গত বছর এই পুরস্কার দেওয়া হয় ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে। সম্প্রতি হোয়াইট হাউসে এক বৈঠকে মাচাদো ট্রাম্পকে তাঁর স্বর্ণপদক উপহার দিলেও নোবেল কমিটি জানিয়েছে, এ পুরস্কার হস্তান্তর, ভাগ বা বাতিল করা যায় না। চিঠিতে ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি,  রাশিয়া বা চীনের মতো শক্তিধর দেশের হাত থেকে ওই অঞ্চলকে রক্ষা করতে সক্ষম নয় ডেনমার্ক এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রয়োজন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত