শাকসু নির্বাচন স্থগিত

সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সিদ্ধান্তের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বের হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে জরুরি যান চলাচলের জন্য সড়কের এক পাশ উন্মুক্ত করে দেন শিক্ষার্থীরা।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন শিক্ষার্থীদের একটি ন্যায্য দাবি ছিল। অথচ একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্ররোচনায় স্বতন্ত্র ভিপি প্রার্থী হাইকোর্টে রিট দায়ের করে সেই অধিকার ক্ষুণ্ন করেছেন। এ কারণে তাকে শাবিপ্রবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে জানান তারা।

এর আগে সোমবার দুপুরে শাকসু নির্বাচনের ওপর চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও  ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত