ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনুরুঘাট- মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন (তাহেরি) ও বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সলকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
আগামীকাল (২০ জানুয়ারি) দুপুরের মধ্যে স্থানীয় সার্কিট হাউজ সভা কক্ষে কমিটির অস্থায়ী কার্যালয়ে তাদেরকে সশরীরে কিংবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।
আজ সোমবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কমিটির চেয়ারম্যান মো. রবিউল হাসান স্বাক্ষরিত নোটিশে বলা হয় বিগত ৬ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় মাধবপুর উপজেলার ইটাখোলা সাহেব বাড়িতে বিএনপি প্রার্থী এসএম ফয়সল কর্মী সমর্থকদের নিয়ে জনসভা করেন। উক্ত সভায় ফয়সলের ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন ‘আজ থেকে আমরা সবাই এক,আমাদের উদ্দেশ্য এক, ফয়সল সাহেবকে ধানের শীষ মার্কায় জয়যুক্ত করার জন্য তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের সাথে আছি। একটি ভিডিও কমিটির দৃষ্টিগোচর হয়েছে। অপরদিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিনে নোটিশে বলা হয় তিনি ‘দ্যা স্পীচ’ নামক ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে নির্বাচনী প্রচারণা করছেন। যার প্রায় সাত লক্ষ ৭০ হাজার অনুসারী রয়েছে। যার ভিডিও কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
