চার ব্যাংক-৭ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হলো বিডা

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১০:০৭ এএম

দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার পরিবেশ আরও সহজ, দ্রুত ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে চার ব্যাংক ও সাত সিটি করপোরেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ঢাকার আগারগাঁওয়ে বিডার কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে সোমবার (১৯ জানুয়ারি) এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।  

সমঝোতা স্মারক স্বাক্ষর করা ব্যাংকগুলো হলো রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এ ছাড়া সিটি করপোরেশনগুলোর মধ্যে রয়েছে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আশিক চৌধুরী বলেন, আমরা প্রকৃত ওয়ান স্টপ সার্ভিস থেকে এখনও অনেক দূরে আছি। আমরা এমন একটি ব্যবস্থার দিকে যেতে চাই, যেখানে ক্ষুদ্র উদ্যোক্তা কিংবা বড় শিল্পগোষ্ঠীরাও এক জায়গা থেকে সব সেবা পান। তবে সিটি করপোরেশন, বিডা কিংবা ব্যাংক যেখানেই বিনিয়োগকারীদের যেতে হয়, প্রতিবারই একই কাগজপত্রের বড় বান্ডিল জমা দিতে হয়।

বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ।

ওয়ান স্টপ সার্ভিস আইন-২০১৮ অনুযায়ী বিনিয়োগ সংক্রান্ত সেবা একক প্ল্যাটফর্মে দিতে ২০১৯ সালে বিডা এই পোর্টাল চালু করে। বর্তমানে এই পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা দেওয়া হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত