পঞ্চগড়ে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্থাপনা দখল চেষ্টার অভিযোগ

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলার মৌলভিপাড়ায় সড়কের পাশে সরকারিভাবে নির্মিত স্থাপনা দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বেংহারি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনিছুর রহমানের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, সরকারিভাবে প্রথমে যাত্রী ছাউনি হিসেবে ঘরটি নির্মাণ করা হয়েছিল। কয়েক বছর পরে আবার ঘরটির সবদিকে দেওয়াল দিয়ে কাঁচারিঘরের জন্য বরাদ্দ নেয় ইউপি সদস্য। এখন ঘরের পিছনে সংযোগ দিয়ে আরো ঘর নির্মাণ করছে। তারা বলেন, জামায়াত সমর্থিত মেম্বারের প্রভাবে সরকারি ঘর দখলে নিয়েছেন তিনি। ইউপি সদস্যের তৃতীয় স্ত্রীকে সেখানে বাড়ি করে দেওয়ার কথাও জানান তারা।

সরজমিনে দেখা গেছে, মৌলভিপাড়ায় সড়কের পাশে সরকারি স্থাপনাটি। ঘরটির পিছনে সংযোগ দিয়ে আলাদা রুম ও প্রাচীর নির্মাণের কাজ চলছে। ঘরটিতে প্রকল্প নামের নেমপ্লেটটি সুকৌশলে তুলে পলেস্তারা করে দেওয়া হয়েছে।

জানা যায়, বোদা উপজেলার বেংহারি ইউনিয়নের মৌলভিপাড়ায় জেলা পরিষদের বরাদ্দে প্রায় দশ বছর আগে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। কয়েক বছর পরে ২০১৮-২০১৯ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের এলজিএসপি থেকে কাঁচারিঘর নির্মাণের নামে আরো তিন লাখ টাকা বরাদ্দ নেয় ইউপি সদস্য।ওই টাকায় যাত্রী ছাউনির একটি দরজা রেখে সবদিকে ইটের গাঁথুনি করে দেয় তিনি।

অভিযুক্ত সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান বলেন ,আমার জমিতে কাঁচারিঘরটি আছে এবং থাকবে। আমার নির্মাণাধীন ঘরের সাথে সেটার কোন সম্পর্ক নেই। বেংহারি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলী বলেন, আমি জানতে পেরে নির্মাণকাজে বাঁধা দিয়েছি কিন্তু তিনি কোন কর্নপাত করেননি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত