বৃষ্টি-বিঘ্নিত নাটকীয় ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের মেলবোর্ন স্টারসকে হারিয়ে বিগ ব্যাশ লিগের চ্যালেঞ্জার পর্বে জায়গা করে নিয়েছে রিশাদ হোসেনের হোবার্ট হারিকেনস। নিনজা স্টেডিয়ামে ডিএলএস পদ্ধতিতে তিন রানের রুদ্ধশ্বাস জয় পায় হারিকেনস।
দীর্ঘ বৃষ্টির কারণে ম্যাচ শুরুর আগেই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত প্রতি দল ১০ ওভারের ম্যাচে নেমে হারিকেনস তোলে ৫ উইকেটে ১১৪ রান। দলের হয়ে বিউ ওয়েবস্টার ২৬ বলে ৪৭ রানের কার্যকর ইনিংস খেলেন।
জবাবে স্টারসের লক্ষ্য নেমে আসে ৭ ওভারে ৮৫ রানে। শুরুতেই ধাক্কা খায় তারা। রাইলি মেরেডিথের বলে টম রজার্স আউট হলে চাপ বাড়ে। জো ক্লার্ক ৩১ রান করে লড়াইয়ে রাখলেও বৃষ্টি আর উইকেট হারানোয় ম্যাচ বেরিয়ে যেতে থাকে হাতছাড়া।
রান চেক কিংবা উইকেট চাই—সমীকরণ মেলানোর মোক্ষম সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন বাংলাদেশের লেগস্পিনার। চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন রিশাদ। নিজের প্রথম ওভারে দেন ১৩ রান। রিশাদ যখন নিজের দ্বিতীয় ওভার করতে আসেন তখন মেলবোর্নের দরকার ১২ বলে ৩৭ রান। প্রথম বলে এক রান দেন রিশাদ। স্যাম হার্পার রিটায়ার্ড হার্ড হয়ে মাঠ ছাড়লে ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম বলে দুই নেওয়ার পর রিশাদের ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকান ম্যাক্সওয়েল। কিন্তু শেষ তিন বলে ঘুরে দাঁড়িয়ে মাত্র দুই রান দিয়ে হোবার্টকে ম্যাচে রাখেন রিশাদ।
শেষ ওভারে স্টারসের প্রয়োজন ছিল ২৬ রান। শেষ বলে ৫ রানের দরকার পড়লেও নিতে পারে তারা ১ রান।
এর ফলে হারিকেনসের টানা শিরোপা জয়ের স্বপ্ন টিকে থাকল। শুক্রবার সিডনির এসসিজিতে সিডনি সিক্সার্সের বিপক্ষে চ্যালেঞ্জার ম্যাচ খেলবে তারা। ওই ম্যাচের জয়ী দল রোববার অপটাস স্টেডিয়ামে পার্থ স্কর্চার্সের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে।
বাংলাদেশ ভারতে না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত