খুলনা জেলা পরিষদের কর্মকর্তা অবশেষে স্ট্যান্ড রিলিজ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ পিএম

অবশেষে খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমানকে নেত্রকোনায় বদলির আদেশ কার্যকর করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনার পর স্থানীয় সরকার বিভাগ তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে নেত্রকোনা জেলা পরিষদে যোগদানের নির্দেশ দিয়েছে।

স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে জানানো হয়, গত বছর ১২ আগস্ট এস এম মাহবুবুর রহমানকে প্রথমবার নেত্রকোনায় বদলি করা হয়। তবে ওই আদেশের বিরুদ্ধে তিনি রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট বদলির আদেশের ওপর স্থগিতাদেশ দেন। পরবর্তীতে সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২০ জানুয়ারি আপিল বিভাগের ‘জাজ ইন চেম্বার’ হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেন। ফলে বদলির আদেশটি পুনরায় বহাল হয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শফিকুল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, এস এম মাহবুবুর রহমানকে আজ বুধবারের মধ্যে খুলনা জেলা পরিষদ থেকে অবমুক্ত হয়ে নেত্রকোনা জেলা পরিষদে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি অবমুক্ত না হলে ২১ জানুয়ারি অপরাহ্ন থেকে তাকে ‘তাৎক্ষণিক অবমুক্ত’ (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

এই আদেশ জারির পর খুলনা ও নেত্রকোনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে। জনস্বার্থে আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তাছলিমা খাতুন বলেন, ‘প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান বুধবার দুপুর পর্যন্ত অফিস করেছেন। দুপুরের পর তাকে খুলনা জেলা পরিষদ থেকে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়েছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত